
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ডিসম্বর (মঙ্গলবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, চাঁদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো জানান, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার ( মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



