চাঁদপুরে পুকুরের পানিতে মিললো আওয়ামী লীগ নেতার মরদেহ

মাসুদ হোসেন : চাঁদপুরের সদর উপজেলায় পানিতে ডুবে কামরুল ইসলাম ভুইয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের দমকেরগাঁও গ্রামের পল্লী বিদ্যুৎ ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ভুইয়া মৃত মমতাজ উদ্দিন ভুইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ন্যায় ঐ ব্যক্তি বাড়ির পাশের পুকুরে পাট ধুতে যান। অনেক সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে না আসায় তার সন্ধানে স্বজনরা নেমে পড়েন। তবে খুঁজে না পাওয়ায় কোন উপায়ান্তর না দেখে রাত ৯টায় আরিফ নামে এক ব্যক্তি পানিতে নেমে চেষ্টা চালিয়ে পানির নিচে তলিয়ে যাওয়া তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরো জানান, মৃতের স্ত্রী সারাদিন বাড়িতে না থাকায় দিনের বেলায় কোন গুরুত্ব না থাকলেও সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় খুঁজতে নেমে পড়েন পরিবারের সদস্যরা। পরে রাত ৯টার দিকে প্রত্যক্ষদর্শী আরিফ পুকুরে নেমে পানির নিচে লাশ দেখতে পান। কামরুল ইসলাম ভুইয়ার মরদেহ উদ্ধারের পর মুখ থেকে রক্ত বের হতে দেখেন।

তবে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলে জানান পরিবারের সদস্যরা। তারা আরো জানান, কামরুল ইসলাম ভুইয়া এর আগে কয়েকবার স্ট্রোক করেন। তাদের ধারনা মতে, সেদিনও পাট ধুতে গিয়ে স্ট্রোক করে সবার অজান্তে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পরদিন শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম কামরুল ইসলাম ভুইয়া পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ও কৃষক ছিলেন।

এছাড়াও তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পল্লী বিদ্যুৎ জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক অবুঝ ছেলে সন্তান রেখে যান।

সম্পর্কিত খবর