
ফারুক হোসেন : মতলবের মেঘনা নদীতে মিলছে না ইলিশ। তাই অনেক জেলেই তাদের পেশা পরিবর্তন করতে চাচ্ছে। প্রতিদিন নৌকা নিয়ে জেলেরা মেঘনা নদীতে জাল ফেলেও পাচ্ছেনা কাঙ্খিত ইলিশ। মাছ না পাওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে।
নদী থেকে ঘাটে ফিরে আসা জেলেরা জানায়, নৌকা প্রতি ১০-১২ জন জেলে নিয়ে নদীতে যান মাছ ধরতে কি দৈনিক গড়ে ১৫ থেকে ২০ টি ইলিশ পাওয়া যায় । তা বিক্রি করে খরচের টাকা উঠছেনা। তাদের অভিযোগ, মেঘনায় আগে ছোট ও বড় ইলিশ পাওয়া যেত নিয়মিত। মাঝে দিয়ে পরিমাণে কমে গিয়েছিল। কিন্তু গত বছরের তুলনায় এবার আরও কম। এরই মধ্যে বহিরাগত জেলেদের উৎপাত।
এবার (চলতি বছর) তারা দশ ভাগের একভাগ মাছও ধরতে পারছেন না। নদীতে বহিরাগত জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ ধরার ফলে মাছের প্রজনন নষ্ট হওয়ার পাশাপাশি কিনারে আসতে পারছে না ইলিশ। মেঘনা নদীর অগ্রভাগে ইলিশ শিকার করছেন শরিয়তপুর, মুন্সিগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলার জেলেরা। তারা অগ্রভাবে কারেন্ট জাল ও বিভিন্ন ধরনের জাল দিয়ে বড় ইলিশ ও ঝাটকা ইলিশ ধরে ফেলছে। ফলে মতলবের জেলেরা ইলিশ না পেয়ে খালি ট্রলার নিয়ে ফিরছে।
এদিকে পার্শ্ববর্তী জেলার জেলেরা তাদের দুই শতাধিক নৌকা নিয়ে কারেন্ট জাল মাছ ধরছে। ওইসব জালে সব ধরনের মাছের ক্ষতি হচ্ছে। মাছের রেণুও মারা যাচ্ছে। কারেন্ট জাল ও বিভিন্ন ধরনের জালের ব্যবহার বন্ধ করা গেলে মেঘনা নদীতে মাছ পাওয়া যেত বেশি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, মেঘনা নদী জেলেদের জালে ইলিশসহ অন্য প্রজাতির মাছও ধরা পড়ছে ঠিকই। তবে ইলিশের সংখ্যা কম। কারেন্ট জালের বিরুদ্ধে নদীতে অভিযানের চালানো হবে।



