চাঁদপুর সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রির্পোটার: চাঁদপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়েছে।

১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টায় চাঁদপুর-৩ আসনের মাটি ও গণমানুষের নেত্রী, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। ডিজিটাল ডিসপ্লে’র মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফেইসবুক লাইভের মাধ্যমে পুস্পস্তবক অর্পণের দৃশ্যটি সরাসরি সম্প্রচারিত করা হয়।

সকাল ৯টা ৩৫মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র নেতৃত্বে শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক র্যালি বের করা হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে গত ১৪আগস্ট সকাল দশটা থেকে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় কলেজ শিক্ষক-পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাদ যোহর কলেজের কেন্দ্রীয় মসজিদ ও হোস্টেল মসজিদে ১৫আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর