চাঁদপুর আহমাদিয়া ফাজিল ( ডিগ্রি) মাদরাসার বই উৎসব

স্টাফ রির্পোটার : ‘ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এ দীপ্ত শ্লোগান নিয়ে ইংরেজি নববর্ষ-২০২৩ এর শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে গতকাল নতুন বই তুলে দিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী আহমাদিয়া ফাজিল ( ডিগ্রি) মাদরাসার আয়োজনে গতকাল ১ জানুয়ারী ২০২৩ বই উৎসবে প্রধান অতিথি এ মাদরাসারও অন্যতম প্রতিষ্ঠাতা ওচমান গনি পাটওয়ারী বই বিতরন ও বক্তব্যশেষে শিক্ষার্থীদের সাথে মিলে তাদের খোঁজখবর নেন। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বেশ খুশি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে চাই। আর সেটি সম্ভব তোমরা শিক্ষার্থী তথা নতুন প্রজন্মের মাধ্যমে। তোমাদের পড়াশুনায় মনোনিবেশ হতে হবে। মনে রাখতে হবে, একটা একটি জাতিকে বিনির্মানে শিক্ষার বিকল্প নাই।

তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন গ্রহন করে ভালো নাম্বার পেলে, ক্লাসে প্রথম বা এ প্লাস পেলেই শিক্ষার্থীর শিক্ষিত হওয়া নয়, প্রকৃত শিক্ষা হচ্ছে ঐ শিক্ষা, যাতে নৈতিকতা, আদর্শতা, শিষ্টাচার এসবের একাডেমিক শিক্ষার ভেতরে এবং বাইরের ব্যাপক অংশে সংমিশ্রণ থাকে । এক কথায় শিক্ষার্থীকে আদর্শ মানুষ হতে হলে সকল দিকের গুনগত শিক্ষা অর্জন করতে হবে, তাকে দেশপ্রেমিক হতে হবে। আর মনে রাখতে হবে, আদর্শ মানুষ, আদর্শ শিক্ষার্থী যা-ই বলি, তাকে ধর্মীয় শিক্ষাকে, ধর্মীয় অনুশাসনকে অবশ্যই জ্ঞান আহরণ করতে হবে।

তিনি বলেন, মাদরাসা শিক্ষা এখন আর পিছনে পড়ার শিক্ষা নয়। সাধারন স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার সকল বই মাদরাসায় পাঠ্য। এর পাশে আরবী সমানতালে। অনেক জায়গাতেও চালু হচ্ছে কারিগরি শিক্ষা।

তিনি বলেন, খেলাধুলা, ইতিহাস ঐতিহ্য আমাদের মহান স্বাধীনতা ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল স্তরে তোমাদের জ্ঞান থাকতে হবে প্রখর। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। সবমিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় তোমাদের সুশিক্ষিত করে আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই।

জনাব ওচমান পাটওয়ারী আরো বলেন, নতুনবাজার আহমাদিয়া ফাজিল মাদরাসা, জেলার একটি প্রাচীন মাদরাসা। এটি যেন সব দিক থেকে তার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। সহকারী অধ্যাপক সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী,আমিন বিএসসিসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । বই উৎসবে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান।

সম্পর্কিত খবর