
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর বড় স্টেশনে এক নারীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা আক্তার ফরিদগঞ্জ থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর বড় স্টেশনে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটি ৫ নভেম্বর রেলওয়ে থানার মামলা নম্বর-১ হিসেবে নথিভুক্ত করা হয়। পেনাল কোডের ৩৯৪ ধারায় দায়ের করা এ ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখাকে।
পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে এসআই জিয়াউল হক জিয়া, এএসআই জহির উদ্দিনসহ ডিবির একটি দল অভিযান শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ৭ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে এক আসামির বোনের শ্বশুরবাড়ি থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ নিজ হাতে লুকিয়ে রাখা স্বর্ণালংকারগুলো বের করে দেন।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে—৭টি স্বর্ণের চেইন, ৫টি ফিঙ্গার রিং, ৪ জোড়া কানের দুল, ২টি হাতের রুলি, ১টি গলার হার ও ১টি হাতের ব্রেসলেট। এসব স্বর্ণালংকারের মোট ওজন আনুমানিক ১৮ ভরি।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।


