
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৫ জন রোগীর প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গতকাল রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আপনারা এই টাকা চিকিৎসার কাজে ব্যয় করবেন। দয়া করে এই টাকা অন্য কোনো কাজে খরচ করবেন না। এই অর্থ দিয়ে নিজেদের চিকিৎসা করাবেন। প্রয়োজনে আমরা আবারও আপনাদের জন্য আর্থিক সহায়তার আবেদন করব। তবে সে জন্য এক বছর অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, অসুস্থতা মানুষের জীবনের একটি কঠিন বাস্তবতা। বিশেষ করে ক্যানসার, কিডনি, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। সরকার অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করছে। এই অর্থ যেন প্রকৃত চিকিৎসার কাজে ব্যয় হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।


