
চাঁদপুর খবর রিপোট : কুমিল্লার দেবিদ্বারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা এবং চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ রাশেদা বেগম হীরার গাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি। রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও শোডাউনকে কেন্দ্র করে কালাচাঁন মার্কেট এলাকার চত্বর থেকে বের হওয়ার পথে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ রাশেদা বেগম হীরা দৈনিক চাঁদপুর খবরকে জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। আমরা কর্মসূচি শেষে সুন্দরভাবে ফেরার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে আমার গাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি, গাড়ির কোনো ক্ষতি হয়নি। আমি সুস্থ আছি। আমার কোনো ক্ষতি হয়নি। আজ সংসদে যোগ দেব।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথকভাবে সমাবেশের আয়োজন করে। একপর্যায়ে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা চত্বর থেকে বের হওয়ার সময় কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সময় সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি। তবে এমএ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, আমার গাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন মিডিয়ার যেভাবে প্রচার করছে তাও সঠিক না । মূলত আমি দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সফল সমাবেশ করে কালাচাঁন মার্কেট এলাকার চত্বর থেকে বের হওয়ার পথে আমার গাড়ীর বহরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। দলীয় কোন মতোবেদ ও কেন্দল থাকলে আমরা দলীয়ভাবে বসে বিষয়টি সমাধান করবো । বিষয়টি আমি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদককে অবগত করেছি ।



