হাজীগঞ্জ বড় মসজিদের ওয়াক্ফ এস্টেট নিয়ে বিরোধ : থানায় এজাহার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আহমাদ আলী পাটোয়ারী ওয়াক্ফ এস্টেটের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে বেআইনি হস্তক্ষেপ, দোকান ও ফ্ল্যাটের ভাড়া আদায়ে বাঁধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. বাবুল আক্তার পাটোয়ারী ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে।

এ ঘটনায় হাজীগঞ্জ ওয়াক্ফ এস্টেটের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদের পক্ষে আবদুল্লাহ আল মামুন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর একটি এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় হাজীগঞ্জ বাজার ও আহমাদ আলী পাটোয়ারী ওয়াক্ফ এস্টেট মার্কেটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আহমাদ আলী পাটোয়ারী ওয়াক্ফ এস্টেটের ইসি নম্বর-৭৬৪২-এর বৈধভাবে স্বীকৃত ও নিয়োগপ্রাপ্ত মোতাওয়াল্লী হিসেবে প্রিন্স শাকিল আহমেদ দায়িত্ব পালন করছেন। তবে বাবুল আক্তার পাটোয়ারী এখতিয়ারবহির্ভূতভাবে একটি স্বপ্রণোদিত কমিটির আহ্বায়ক পরিচয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়াক্ফ এস্টেটের আওতাধীন দোকান ও ফ্ল্যাটের ভাড়াটিয়াদের বৈধ কর্তৃপক্ষের কাছে ভাড়া প্রদান বন্ধ রাখার জন্য মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, সাবেক মোতাওয়াল্লী মো. আলমগীর কবির পাটোয়ারী, বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদসহ ওয়াক্ফ এস্টেটের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি দানবাক্স খোলা এবং দানের অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও বাধা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ওয়াক্ফ এস্টেটের দোকান ও ফ্ল্যাটের ভাড়া এবং মুসল্লিদের দানের অর্থ থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। পাশাপাশি মসজিদের বিদ্যুৎ বিল, পানি সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রাতের নিরাপত্তার ব্যয়ও এসব অর্থ থেকে নির্বাহ করা হয়। ভাড়া আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে মসজিদের নিয়মিত পরিচালনা ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ওয়াক্ফ এস্টেটের ভবনগুলোর ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও এতিমদের থাকা-খাওয়া এবং লিল্লাহ বোর্ডিংয়ের কার্যক্রমও আর্থিক সংকটের কারণে ব্যাহত হতে পারে বলে এজাহারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, কথিত কমিটির ওয়াক্ফ এস্টেট পরিচালনা, ভাড়া আদায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া কিংবা বৈধ মোতাওয়াল্লীর প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ করার আইনগত কর্তৃত্ব নেই। এ ধরনের কর্মকাণ্ডের ফলে ভাড়াটিয়াদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ সৃষ্টি হচ্ছে এবং ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি ও আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এজাহারে ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, জোরপূর্বক হস্তক্ষেপ, ভাড়াটিয়াদের সঙ্গে বিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রয়োজনীয় আইনগত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত বাবুল আক্তার পাটোয়ারী কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর