
মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আশ্বিনপুর ঈদগাহে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটত এবং ভাগ্য পরিবর্তনের পথ তৈরি হতো।
তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন ও সরকার গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবিধান সংস্কারের লক্ষ্যে সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ নেওয়ার বিষয়টি সামনে এসেছে। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেও বিএনপির সংসদ সদস্যরা তা গ্রহণ করেননি বলে দাবি করেন তিনি।
তাঁর মতে, এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের পক্ষে ও বিপক্ষের অবস্থান স্পষ্ট হয়েছে। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের অবদানের কথা তুলে ধরে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, এ আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন।
অনেকে আহত হয়ে অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছেন। এখনো অনেকে দেশে-বিদেশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বিভিন্ন মামলা ও হয়রানির মাধ্যমে অনেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জেলা জামায়াতের এ নেতা।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামায়াত নেতা অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ওমর ফারুক এবং ঢাকা তুরাগ পূর্ব থানা জামায়াতের নায়েবে আমির ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. ইউসুফ। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ও মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব জামায়াতের সহসভাপতি শাহ মো. মাসুম বিল্লাহ।
এ সময় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



