
স্টাফ রিপোটার : চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুর নাহারের সভাপতিত্বে এবং শিক্ষক সৈয়দ নুরুজ্জামান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আক্তার হোসেন মাঝি।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আইনুর নাহার বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীরা যেন আগামী দিনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মো. জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য মাসুদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হোসেন, শামীমাসহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চিশতিয়া জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা নুরুল আমিন। আবেগঘন পরিবেশে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের ভালোবাসা এবং শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



