
মনিরুল ইসলাম মনির : সড়কের কোথাও গর্ত, কোথাও আবার ভাঙন। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে যানবাহন ও পথচারীরা। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সড়কের এমন বেহাল অবস্থায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক করতে লাল পতাকা টাঙিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল আজিজ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজার থেকে সাহেববাজার পর্যন্ত বেড়িবাঁধ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে সংগঠনের সদস্যদের স্থাপন করা লাল পতাকা দেখা যায়। নিজেদের উদ্যোগে এসব পতাকা টাঙিয়ে দূর থেকে চালক ও পথচারীদের সতর্ক করার চেষ্টা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, বেড়িবাঁধ সড়কের বিভিন্ন অংশে গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় প্রতিদিন চলাচলকারী মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এসব ক্ষতিগ্রস্ত স্থান দিয়ে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে। লাল পতাকা টাঙানোর উদ্যোগটি প্রশংসনীয় হলেও এটি কেবল সাময়িক সতর্কতা। সড়কের গর্ত ও ভাঙন দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মিত এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো শুধু যাতায়াতের দুর্ভোগই বাড়াচ্ছে না, বরং সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার অপেক্ষা না করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।
আব্দুল আজিজ ফাউন্ডেশনের সভাপতি মো. হাসান বেপারী বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হয়। বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় মানুষের সতর্কতার জন্য লাল পতাকা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনের আজীবন সদস্য ফয়েজ আহাম্মেদ মাহিন, মো. বাবুসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আপাতত সতর্কতার বার্তা পৌঁছালেও সড়কের গর্ত ও ভাঙন রয়ে গেছে আগের মতোই। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সড়কটি নিরাপদ চলাচলের উপযোগী করে তুলবে।



