
মতলব উত্তর প্রতিনিধি : একসময় বৃহত্তর মতলব অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম ছিল ধনাগোদা নদী। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নৌপথে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ নদী এখন কচুরিপানার বিস্তারে অনেকটা অচল হয়ে পড়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জমে নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় নৌযান চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও নৌযান শ্রমিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদীর বিস্তীর্ণ অংশ কচুরিপানায় এমনভাবে ঢেকে গেছে যে অনেক স্থানে পানির অস্তিত্বও বোঝা কঠিন। নদীর দুই পাড়ে স্থাপন করা অবৈধ মাছ ধরার ঝাঁক ও ঝোপে কচুরিপানা আটকে তৈরি হয়েছে ঘন স্তর। কোথাও কোথাও কচুরিপানার ওপর দিয়ে মানুষকে হেঁটে পারাপার হতেও দেখা গেছে। শ্রীরায়েরচর ব্রিজ থেকে কালীরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে কচুরিপানার ঘন আস্তরণ থাকায় কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না। একইভাবে কালীপুরা-মতলব নৌপথেও ট্রলারসহ বিভিন্ন নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
মতলব ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, শ্রীরায়েরচর, বাংলাবাজার, রায়েরকান্দি, কালীরবাজার, নন্দলালপুর, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর ও নায়েরগাঁওসহ বিভিন্ন এলাকায় কচুরিপানার বিস্তার দেখা গেছে। নদীতে কচুরিপানার কারণে আটকা পড়েছে বেশ কয়েকটি বালুবাহী বাল্কহেড। সংশ্লিষ্ট শ্রমিকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে তাঁরা শ্রীরায়েরচর ব্রিজ এলাকায় আটকে রয়েছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলেই দিন-রাত কাটাতে হচ্ছে তাঁদের।
এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিও বেড়েছে। নদীর দুই পাড়ের মানুষের দৈনন্দিন যোগাযোগেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে দাউদকান্দি অংশ থেকে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে বিপাকে। নদীপথে স্বল্প সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর সুযোগ না থাকায় তাঁদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। শিক্ষার্থী রুহান, ফাতেমা ও জান্নাতী আক্তার জানান, আগে নদীপথে সহজেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারতেন তাঁরা। কিন্তু কচুরিপানার কারণে এখন সেই পথ বন্ধ হয়ে গেছে। ফলে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা তাঁদের জন্য বেশ কষ্টকর।
ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, নদীর দুই পাড়ে অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁক রয়েছে। এসব ঝাঁকে কচুরিপানা আটকে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। স্থানীয়দের মতে, ধনাগোদা নদীর বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। গত পাঁচ থেকে সাত বছরে নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ দখল এবং বিভিন্ন স্থানে মাছ ধরার ঝাঁক স্থাপনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ক্রমেই সংকুচিত হয়েছে।
এর সঙ্গে শ্রীরায়েরচর ব্রিজের অপরিকল্পিত নির্মাণও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব কারণে কচুরিপানা সহজে আটকে গিয়ে নদীর বিস্তীর্ণ অংশে স্থায়ী স্তর তৈরি করছে। মতলবের জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন বলেন, ধনাগোদা নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে অবৈধ দখল ও মাছ ধরার ঝাঁক উচ্ছেদ করতে হবে।
পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। শুধু কচুরিপানা পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে।
স্থায়ীভাবে সমস্যা সমাধানে কচুরিপানা অপসারণ ও অবৈধ মাছ ধরার ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঁদপুর শহরসংলগ্ন ডাকাতিয়া নদীতে ৭৩৬টি অবৈধ দখল চিহ্নিত করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হবে।
তিনি আরও বলেন, মেঘনা-ধনাগোদা নদীর অবৈধ দখল এবং নদীর মধ্যে কচুরিপানা ও মাছ ধরার ঝাঁক দিয়ে মাছ চাষের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি নদী অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।



