চাঁদপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিটের সেক্রেটারি ও আজীবন সদস্য ফয়সাল আহমেদ বাহার এবং ইউনিট কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য রিয়াজুর রহমান রানা।

চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপ-যুব প্রধান-১ ফয়সাল শেখ, উপ-যুব প্রধান-২ নুর মোহাম্মদ, চাঁদপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ রেড ক্রিসেন্ট দলের দলনেতা মুশফিকসহ যুব রেড ক্রিসেন্ট দলের অন্যান্য সদস্য।

কর্মসূচির শুরুতে চাঁদপুর পৌরসভার বাইতুল আমিন চত্বরে যুব সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শহরের সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

পরে বাইতুল আমিন চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭ নম্বর ওয়ার্ডের কাঁচা কলোনি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ ছাড়া কর্মসূচির শেষ পর্যায়ে চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর