
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি সম্পত্তি উদ্ধার, নদী-খাল দখল ও দূষণমুক্ত করা এবং বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রস্তাব ও নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
৯ নভেম্বর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আরও বেশি সহযোগিতা করার সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে তিনি বলেন, বিধি মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। কেউ এতে বাধা সৃষ্টি করলে কিংবা অসহযোগিতা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে তিনি বলেন, রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ও লক্ষ্মীপুর ইউনিয়নে বাল্যবিবাহের প্রবণতা বেশি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদকে প্রাথমিক দায়িত্ব পালন করতে হবে। কারণ, বাল্যবিবাহের খবর সবার আগে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেই পৌঁছে। তাই শুরুতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
হাইমচরের দুর্গম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজরাজেশ্বর ও নীলকমল ইউনিয়নে দ্রুত পুলিশ ফাঁড়ি নির্মাণের কথা জানান তিনি। পাশাপাশি বাবুরহাটে জায়গার ব্যবস্থা করা গেলে সেখানেও অতি দ্রুত পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে বলে উল্লেখ করেন।
চাঁদপুর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি সম্পত্তি উদ্ধারের বিষয়ে সংসদ সদস্য বলেন, শহরের যেসব স্থানে অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদ করতে হবে। সরকারি জায়গা যেখানেই বেদখল হয়ে থাকুক, তা উদ্ধার করতে হবে। একসময় এসবি খাল দিয়ে নৌকা চলাচল করত, কিন্তু বর্তমানে খালটি দখল হয়ে গেছে। এটি উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
মেঘনা নদীর দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেঘনা নদীকে কোনোভাবেই বুড়িগঙ্গায় পরিণত হতে দেওয়া যাবে না। শহরের সব ময়লা-আবর্জনা খালের মাধ্যমে নদীতে গিয়ে পড়ছে। এ অবস্থা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাড়িঘর নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সোকওয়েল (Soak Well) নির্মাণ বাধ্যতামূলক করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
রেলওয়ের অবৈধ দখল ও মাদক সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রেলওয়ে পুলিশের দায়িত্ব কী? স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে হয়েছে ডিবি পুলিশের মাধ্যমে। রেলওয়ের অবৈধভাবে দখল হয়ে থাকা জায়গাগুলোতে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। এসব অবৈধ দখলদারকে দ্রুত উচ্ছেদ করতে হবে।
পুরানবাজারের নাপিতবাড়ি খালের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, রাইসমিলের ছাই ও তুষ ফেলে খালটি প্রায় ভরাট করে ফেলা হয়েছে। এখন এই খাল পরিষ্কার করবে কে? যারা খালটি নোংরা ও ভরাট করেছে, তাদের দিয়েই খাল পরিষ্কার করাতে হবে।
পাসপোর্ট অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, পাসপোর্ট অফিসের অভিযুক্তদের বদলি করা হয়েছে, কিন্তু দালালদের দৌরাত্ম্য কমেনি। পাসপোর্ট অফিসের সামনে থাকা দোকানগুলো বন্ধ করতে হবে। পাসপোর্ট অফিসের কোনো ধরনের অনিয়ম তিনি বরদাস্ত করবেন না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন।
সভায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের জনস্বার্থসংশ্লিষ্ট এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



