চাঁদপুরে সিস্টেম আপগ্রেডের কাজ চলাকালে গ্যাস সরবরাহ বিঘ্নিত

স্টাফ রিপোর্টার : বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন এলাকায় সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজের সময় মূল সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যার দিকে এই সমস্যার সৃষ্টি হয়। পরে দ্রুত মেরামত কাজ সম্পন্ন হওয়ায় গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়। জানা যায়, রোববার সন্ধ্যার পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন সংশ্লিষ্ট কর্মীরা। এ সময় চাঁদপুর শহরের ওয়‍্যারলেস এলাকায় কাজ করার একপর্যায়ে মূল গ্যাস লাইনে ত্রুটি দেখা দেয়। লাইনে ফাটল বা সমস্যা শনাক্ত হওয়ার পর তা মেরামতে কর্মীদের প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

এ কারণে কোম্পানির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ বা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্যাসনির্ভর কার্যক্রম পরিচালনাকারীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে সন্ধ্যার রান্নার সময়ে গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় বা সরবরাহ বন্ধ থাকায় বহু পরিবারকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. মোবারক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে মূল লাইনে হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। দ্রুত মেরামত কাজ সম্পন্ন করার পর বর্তমানে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এ ধরনের জরুরি সমস্যা মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।”

সাময়িক এই অসুবিধার জন্য তিনি সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়ন কাজ অত্যন্ত জরুরি। তবে এ ধরনের রক্ষণাবেক্ষণের কাজ শুরুর পূর্বে গ্রাহকদের যদি গণমাধ্যমের মাধ্যমে আগাম অবহিত করা হয়, তবে অনাকাঙিক্ষত ভোগান্তি অনেকাংশে এড়ানো সম্ভব।

সম্পর্কিত খবর