চাঁদপুরে উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রেখে ব্যবসা, এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী চাঁদপুরে উন্মুক্ত স্থানে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে জেলার গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১ ও ১৭ ধারা অনুযায়ী উন্মুক্ত স্থানে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর