
স্টাফ রিপোর্টার : দ্বৈত পেশায় নিয়োজিত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের আইনজীবী সনদ স্থগিত করার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরমে আইনজীবী সনদ স্থগিত করার জন্য সংশ্লিষ্ট সদস্যদের অনুরোধ জানানো হয়েছে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতিতে তালিকাভুক্ত যেসব নন-প্র্যাকটিশনার সদস্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অথবা বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদের এ নির্দেশনা অনুসরণ করতে হবে।
এ ছাড়া ব্যাংক, বিমা, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত সদস্যদেরও আইনজীবী সনদ স্থগিত করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও যারা বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরমে আইনজীবী সনদ স্থগিত করেননি, তাদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া আইনজীবী সনদ স্থগিত না করে তথ্য গোপনের মাধ্যমে দ্বৈত পেশায় নিয়োজিত সদস্যদের তালিকা প্রস্তুত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী সদস্যদের একান্ত সহযোগিতা কামনা করেছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।



