মানিক পশারীর দাফনের বাঁধার প্রতিবাদে চাঁদপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদের সামনে শপথ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সার্বিক সহযোগিতায় আয়োজিত শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

নৌ কমান্ডোর বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া পাটোয়ারীর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সামাদ খান, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা সংসদ জয়নাল মাস্টার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ সানাউল্লাহ খান, শাহরাস্তি উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মিয়া, হাজীগঞ্জ উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাটোয়ারী, কচুয়া উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা বলেন, আমরা এদেশের মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেয়নি। দেশের যেকোনো প্রয়োজনে আমরা আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। আগামীতে এই যুদ্ধে আমাদের সন্তানরা অংশগ্রহণ করবে। সুতরাং কেউ যেন মুক্তিযোদ্ধাদের প্রতি বিন্দুমাত্র অসম্মান করার দুঃসাহস না দেখায়।

বক্তারা, স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর