
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কাবাডি প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। টানটান উত্তেজনাপূর্ণ এ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক। প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে।
ফাইনালে মুখোমুখি হয় পুরানবাজার লোহারপুল বন্ধু মহল ও লোহারপুর একাদশ ক্লাব। রোমাঞ্চকর এ খেলায় লোহারপুল বন্ধু মহল ৪০-২৯ পয়েন্টে লোহারপুর একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় লোহারপুর একাদশ ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের।
তবে পূর্বনির্ধারিত জরুরি সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একান্ত সচিব, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও চাঁদপুর সদর উপজেলার দাসাদী গ্রামের কৃতী সন্তান মো. ইব্রাহিম খলিল।
জেলা বিএনপির কাবাডি প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মো. শাহজাহান কবির খোকার সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার (সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি), জেলা বিএনপির সহসভাপতি জসীম উদ্দীন খান বাবুল ও দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
তাঁরা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। ৭ নভেম্বর আমাদের আত্মত্যাগ ও জাতীয় ঐক্যের প্রেরণা জোগায়।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রামীণ ঐতিহ্যের এ খেলাকে টিকিয়ে রাখা এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ক্রীড়াবান্ধব সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, মাইদুল ইসলাম মফিক বেপারী, জেলা বিএনপির সদস্য সহিদুল ইসলাম মক্কু ছৈয়াল, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম ছৈয়াল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাঝি, আনিস বেপারী, আসলাম তালুকদার,
তাছির বেপারী, মো. দুলাল খান, সৈয়দ আহম্মদ, ১১নং ওয়ার্ডের মনির হোসেন, ৫নং ওয়ার্ডের ফরিদ কালুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং ক্রীড়াপ্রেমী দর্শক। খেলা পরিচালনা করেন ওয়াহিদুর রহমান লাবু, ইকরামুল হক, জাকির হোসেন খান শিপন ও সুমন গাজী। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা সেরা খেলোয়াড়সহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।



