
হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের জুলাই-২৪ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ হাইমচর, চাঁদপুর জেলা শাখা।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাইমচরের আলগী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে থানা ও উপজেলা সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই-২৪-এর স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি ছাত্র-জনতার আত্মত্যাগ, গণআন্দোলন ও ঐতিহাসিক স্মৃতির প্রতীক।
এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগকে কোনোভাবেই অবমাননা করতে দেওয়া হবে না। স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সবাইকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তাঁরা।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক প্রফেসর হারুনুর রশীদ গাজী বলেন, “জুলাইয়ের আন্দোলন ছিল এ দেশের ছাত্র-জনতার অধিকার ও আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায়। সেই আন্দোলনের স্মৃতিবিজড়িত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি রক্ষায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি।”



