
চাঁদপুর খবর রিপোর্ট : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আজ ৭ নভেম্বর শনিবার সমাপ্ত হচ্ছে চাঁদপুর প্রেসক্লাবের ইতিহাসে সর্ববৃহৎ দুদিনব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।
‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার সাতটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমন্ত্রিত ও মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আজ দ্বিতীয় দিনে ৭ নভেম্বর শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত একই স্থানে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ। প্রশিক্ষণার্থীদের জন্য সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে।
এ ছাড়া বিকেলের নাশতারও ব্যবস্থা রাখা হয়েছে। খাবার পরিবেশন করা হবে এলিট চাইনিজ রেস্টুরেন্টে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ এক ঘোষণায় জানান, এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক আমন্ত্রিত ও মনোনীত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাই অংশগ্রহণ করবেন। তাঁরা মনোনীত সকল প্রশিক্ষণার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার ৬ নভেম্বর বিকেল তিনটায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।



