দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর খবর রিপোর্ট: দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেছেন চাঁদপুর জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শাহ আলম। তাঁর অবসর উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান তাঁকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক উপস্থিত ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে একজন সরকারি কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং জনসেবায় অবদান রেখেছেন মোঃ শাহ আলম। তাঁর কর্মজীবনের সমাপ্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

এদিকে বাবার অবসরের এই মুহূর্তকে পরিবারের জন্য গর্বের ও আবেগের উপলক্ষ হিসেবে উল্লেখ করেছেন তাঁর সন্তান। বাবার দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বাবা, তোমার জন্য আমরা গর্বিত। তোমার অবসরজীবন সুস্থ, সুন্দর ও বরকতময় হোক—এই দোয়া করি।”

তিনি তাঁর বাবা ও মায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখী জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত খবর