
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী শাহজাহান গাজীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ থেকে ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর পরিবারের সদস্যরা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহজাহান গাজীর ধারণা, তাঁর নাতি ঘরে খেলতে গিয়ে অসতর্কতাবশত আগুনের সূত্রপাত ঘটিয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
শাহজাহান গাজী জানান, এ দুর্ঘটনায় তাঁর ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘরের মালামাল পুড়ে যাওয়ায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের খোঁজখবর নেন। স্বপন মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এ দুর্ঘটনায় পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।




