পুরাণ বাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখা এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজারি, ভক্ত ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও একই ওয়ার্ডের শ্রী শ্রী শিব মন্দির পূজামণ্ডপ, ২নং ওয়ার্ডের হরিসভা কমপ্লেক্স এবং ১নং ওয়ার্ডের নিতাইগঞ্জ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সার্বজনীন দুর্গামন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবার সহযোগিতা প্রয়োজন। চাঁদপুরের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি বলেছেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাই মিলে উৎসব উদ্‌যাপন করতে হবে। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী মুনিরা আহমেদ ও একমাত্র কন্যা ফারিশা আহমেদ মানহা তাঁর সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, পূজারি ও কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,

জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর