চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণে জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর রাতে চাঁদপুর শহর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে তিনি চাঁদপুর শহরের একাধিক দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাত ৯টায় পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের সার্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।

বক্তব্যে তিনি বলেন, “সারাদেশের মতো চাঁদপুরেও অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। আমাদের বিশ্বাস, সম্প্রীতির দিক থেকে সারাদেশে চাঁদপুর এবারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা কোনো প্রকার ভয় না পেয়ে নির্ভয়ে ও নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব ও পূজা-অর্চনা পালন করুন। আমরা আপনাদের পাশে আছি। চাঁদপুরের সকল সাবেক এমপি এবং স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সাথে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে দলীয়ভাবে আমাদের স্বেচ্ছাসেবক টিমও মাঠে কাজ করছে।”

তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে আরও বলেন, “আমরা অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আজীবন আপনাদের পাশে থাকবো।”

অনুষ্ঠানে হরিসভা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক রাজীব দাস, সম্পাদক লিটন দাস, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, হরিসভা মদন মোহন মন্দিরের গৌরাঙ্গ সাহা এবং কালী মন্দিরের টুটন বণিকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা ও রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোলেমান ভুট্টো এবং স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর