
মহসিন হোসাইন: কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার ১৯ অক্টোবর সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ লঞ্চটি চাঁদপুরের আনন্দবাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটযোগে তাকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।




