
এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়া ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা মো. রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদারের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল মিজি (৩০) ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর গ্রামের মো. গিয়াস উদ্দিন এশুর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ই অক্টোবর ২০২৬ হাজীগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালায়। ওই ঘটনায় হাজীগঞ্জ থানার এসআই জুয়েল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মিছিলের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে হাজীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাসেল মিজিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।




