জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা চাঁদপুরের তিন ইউএনও, ডিসি পুরস্কৃত

চাঁদপুর খবর রিপোর্ট : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুরের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পাশাপাশি সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। তাঁদের এই সাফল্য চাঁদপুর জেলার জন্য গৌরব ও আনন্দের বিষয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তাঁদের এ অর্জন জনসেবামূলক প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগতি ও গতিশীলতার স্বীকৃতি হিসেবেও এ অর্জন গুরুত্বপূর্ণ।

চাঁদপুরের প্রশাসনের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় চাঁদপুরের জেলা প্রশাসক ও তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার এ অর্জন অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের জনবান্ধব কর্মকাণ্ড, দায়িত্বশীলতা ও সেবামুখী উদ্যোগ জেলার ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জেলার নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চাঁদপুরের এ অর্জন জেলার প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর