চাঁদপুর কণ্ঠের কম্পিউটার অপারেটর সুজনের ইন্তেকাল : চাঁদপুর প্রেস ক্লাবের শোক

স্টাফ রিপোর্টারঃ দৈনিক চাঁদপুর কণ্ঠের কম্পিউটার অপারেটর মোস্তফা কামাল সুজন (৪৪) আর নেই। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ফজরের সময় চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোডস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের প্রথম জানাজা সোমবার বাদ আসর চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা মৈশাদী ইউনিয়নের হামানকদ্দি বড়বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মোস্তফা কামাল সুজন মৃত আলী নেওয়াজ খানের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব, দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারসহ সাংবাদিক মহল ও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে তালতলার বকাউল বাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ এবং মরহুমের ভাই রাজন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাংবাদিক চৌধুরী ইয়াছিন ইকরাম, দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র সহকারী সম্পাদক মো. শওকত করিম এবং মাওলানা আব্দুর রহমান গাজীসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানাজায় ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুস সালাম।

মোস্তফা কামাল সুজনের মৃত্যুতে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

চাঁদপুর প্রেসক্লাবের শোক :

এদিকে দৈনিক চাঁদপুর কণ্ঠের কম্পিউটার অপারেটর মোস্তফা কামাল সুজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সম্পর্কিত খবর