সাংবাদিক মোস্তফা কামাল সুজনের মৃত্যু : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীর শোক

চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর কণ্ঠের কম্পিউটার অপারেটর সাংবাদিক মোস্তফা কামাল সুজনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের ফেসবুকে স্ট্যাটাস থেকে জানা যায়, রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত ১১টার আগে মোস্তফা কামাল সুজন হাসিখুশি অবস্থায় বিদায় নিয়ে তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালে যান। ওই সময় সুজনকে কোনো ধরনের অসুস্থতায় ভুগতে দেখেননি তার সহকর্মীরা। সোমবার (১৯ অক্টোবর) তার সহকর্মী উজ্জ্বল হোসাইনের ফোনে সুজনের মৃত্যুসংবাদ শুনে তিনি স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েন।

সুজনের এমন আকস্মিক চলে যাওয়া তাঁর কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই নির্মম বাস্তবতা। একজন হাসিখুশি সহকর্মীর এভাবে হঠাৎ চলে যাওয়া গভীর বেদনার। তাঁর মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী মরহুম মোস্তফা কামাল সুজনের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের এ শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি সবার প্রতি মরহুমের পরকালীন শান্তি ও মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর