চাঁদপুর মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ৬ দিনে ১ কোটি ৭৪ লাখ টাকার জাল-নৌকা জব্দ, ৪৪ জেলে আটক

চাঁদপুর খবর রিপোট : মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরের মেঘনা নদীতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিসিজি স্টেশন চাঁদপুর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিসিজি স্টেশন চাঁদপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ০৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত* পরিচালিত বিশেষ অভিযানে অসাধারণ সাফল্য পেয়েছে কোস্টগার্ড।

এ সময়ের মধ্যে মোট ৪,৮৯,৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল* জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়াও ১০ কেজি মা ইলিশ (মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা) এবং ৮ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ১৬টি অবৈধ বোট জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।

অভিযানে আইন অমান্য করায় মোট ৪৪ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৬ জন জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইন অমান্যকারীদের কাছ থেকে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

স্টেশন কমান্ডার মুহতাদিন ইসলাম আরও জানান, ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছে কোস্টগার্ড।

জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে এবং সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত খবর