চাঁদপুরে অটো পার্টসের দোকানে দুর্ধর্ষ চুরি : ৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় একটি অটো পার্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মধ্যরাতে দোকানের শাটার ও তালা ভেঙে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ ও নগদ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

এ ঘটনায় দোকানমালিক মাঈনুদ্দিন কাজী সোহাগ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে ওয়্যারলেস মোড়ের পশ্চিম পাশে ইকরা মডেল একাডেমি-সংলগ্ন ‘সোহাগ অটো পার্টস অ্যান্ড সার্ভিস সেন্টারে’ এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক মাঈনুদ্দিন কাজী সোহাগ জানান, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি পাসপোর্ট অফিস-সংলগ্ন বাসায় চলে যান। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের একটি দোকানের মালিক তাঁকে ফোন করে দ্রুত দোকানে আসতে বলেন। এ সময় তিনি দোকানে সন্দেহজনক কিছু ঘটেছে বলে জানান। ফোনে দোকানের বাইরের সিসিটিভি ক্যামেরাটি ওপরের দিকে ঘোরানো দেখতে পান সোহাগ। খবর পেয়ে দ্রুত দোকানে এসে তিনি দেখেন, দোকানের এক পাশের শাটার খোলা, তালা উধাও এবং বাইরের সিসিটিভি ক্যামেরাটি ভাঙা।

দোকানের ভেতরে ঢুকে তিনি মালামাল ও ক্যাশের কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকানমালিকের দাবি, চোরেরা দোকান থেকে ৭০টি নতুন টায়ার, ৪০টি চার্জার কয়েল, ২৭টি নতুন ব্যাটারি, ৭৫ কেজি তামার তার, ২০টি পুরোনো ব্যাটারি, ১০টি হ্যামার ড্রিল এবং নগদ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামাল ও নগদ অর্থের মোট মূল্য ৬ লাখ ৯২ হাজার ৬০০ টাকা বলে তিনি জানান। তিনি আরও জানান, পাশের দোকানের সিসিটিভি ক্যামেরায় রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে চুরির ঘটনা রেকর্ড হয়েছে। ফুটেজে মাস্ক পরা কয়েকজনকে এবং একটি হলুদ রঙের গাড়ি দেখা গেছে।

চোরেরা সুকৌশলে পাশের দোকানের সিসিটিভি ক্যামেরাটিও ওপরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। তারপরও ক্যামেরার ফুটেজে ঘটনার কিছু দৃশ্য ধরা পড়ে।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত দোকানমালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরির আলামত সংগ্রহ করে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর