
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি ভিজিএফের চাল পাচারের চেষ্টার অভিযোগে আটক চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) গোলাম মোস্তফা শামীমকে মুচলেকায় মুক্তি দিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করার পর গতকাল সোমবার (১২ অক্টোবর) তাঁর ভাইয়ের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
তবে সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে আটক হওয়ার পর মুচলেকায় মুক্তি পাওয়ার ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যেই নানা প্রশ্ন উঠেছে কেনইবা থানায় আটক করেছে ,আবারই কেনই বা ছাড়লো । থানা পুলিশ এটা পারে কিনা ।
এ ঘটনায় মামলা না করে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাঁকে আটক ও পরে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে, তাঁকে আটক ও মুক্তি দেওয়ার বিষয়ে পুলিশের তথ্য প্রদানেও অসংগতি দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের বিরুদ্ধে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা নিজেই লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে থানায় হস্তান্তর করেন । ওই জিডির ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে তাঁর ভাইয়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, জেলেদের মধ্যে বিতরণ না করে ওই চাল একটি মিনি পিকআপে করে কুমিল্লার লাকসামের দিকে নেওয়া হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনের নির্দেশনায় চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ফিরিয়ে চাঁদপুরে আনা হয়।
পরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িসহ ৫ টন চাল জব্দ করা হয়। উদ্ধার করা চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি গোডাউন) সরকারি হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের ব্যবস্থাও নেওয়া হয়েছে। পাশাপাশি, চাল পরিবহনের পেছনের কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে চাল পাচারের অভিযোগ অস্বীকার করেছেন গোলাম মোস্তফা শামীম।
তাঁর দাবি, চাল নিয়ে শহরে আসার সড়কটি খারাপ থাকায় তিনি বিকল্প ভালো সড়ক দিয়ে গাড়িটি ঘুরিয়ে আনছিলেন।




