
চাঁদপুর খবর রিপোর্ট: ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে বলেন, “তোমাদের প্রতিটি পরিবেশনা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমাদের মনে হয়েছে, আমরা চাঁদপুরের নতুন শিল্পীদের সব জায়গা থেকেই খুঁজে বেরাই। এ মঞ্চ থেকে আমরা অনেককে নতুন করে চিনেছি, যারা ভালো গান করে, ভালো নাচ করে ও ভালো আবৃত্তি করে। তাদের আমরা খুঁজে বের করতে পেরেছি। ইনশাআল্লাহ, তাদের আরও বড় মঞ্চে পরিবেশনার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করব।”
তিনি আরও বলেন, “বিশ্ব শিশু দিবস ও বিশ্ব কন্যাশিশু দিবস সফল হোক। আমাদের সকল শিশু সব অধিকার নিয়ে ভালোভাবে বাঁচুক, ভালো থাকুক এবং দেশের জন্য কাজ করুক।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক। স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মেদ সোহেল আমিন সাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা এবং সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক রুমা সরকার, নৃত্য প্রশিক্ষক অভিজিৎ রায়, তবলা সংগতশিল্পী সৈকত মজুমদার সিজার এবং আবৃত্তি প্রশিক্ষক আক্রাম খান ও অন্তরা বিনতে জাকির মাহা।




