চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের আয়োজনে চাঁদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷

গতকাল ১১অক্টোবর (রবিবার) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
পরে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, কোনো আর্থিক অনুদান কখনো একটি হারানো জীবনের বিকল্প হতে পারে না। তবে এই অর্থ প্রদানের মূল উদ্দেশ্য হলো-দুঃসময়ে এবং সংকটের মুহূর্তে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়ানো ও তাদের সাময়িক কষ্ট লাঘব করা।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে এই অনুদানের অর্থ অপচয় না করে পরিবারের ভবিষ্যৎ পুনর্গঠনে ব্যবহার করবেন৷ বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে যে অনুদান দেওয়া হচ্ছে, তা সরকারের একটি বড় মানবিক কাজ।

চাঁদপুর বিআরটিএ এর সহকারি পরিচালক ইঞ্জিনিয়ারিং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো: মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্লা সেলিম, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম,চাঁদপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, এবং বিআরটিএ মোটরযান পরিদর্শক সেকান্দর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবারকে ১ কোটি ১৬ লাখ টাকার সহায়তার চেক প্রদান করা হয়।

সম্পর্কিত খবর