
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর কৌশলে তাকে আটক করেছে পুলিশ। এর আগেও নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চাঁদপুরে মুনসুর আলী নামে এক যুবকের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন দুবাই প্রবাসী এক নারী।
প্রবাসী নারী জানান, গত ১২ সেপ্টেম্বর নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে মুনসুর আলীর সঙ্গে ওই নারীর পরিচয় হয়। নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মুনসুর তার ছেলেকে খুঁজে দেওয়ার আশ্বাস দেয়। পরে মোবাইলে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই নারীকে হোটেলের কক্ষে লঞ্চের কেবিনে ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মুনসুর। পরে বিয়ের জন্য বাসা ভাড়া ও আসবাবপত্র কেনার কথা বলে তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেয়। এছাড়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ পাওয়ার পর মুনসুরকে ধরতে কৌশল নেয় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বিয়ের প্রস্তাব দেয় মুনসুর। পুলিশের পরিকল্পনা অনুযায়ী তাকে চাঁদপুর সেতুর কাছে আসতে বলা হয়। সেখানে কৌশলে অভিযান চালিয়ে তাকে আটক করেন সদর মডেল থানার এসআই গাজী কালামসহ পুলিশের সদস্যরা।
পুলিশের হাতে আটক হওয়া প্রতারক মনসুর আলী চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুলতান মিজির ছেলে।
পুলিশের দাবি, মুনসুর এর আগেও নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল।
পুলিশ বলছে, প্রতারণার অভিযোগে আটক মুনসুর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে তার বিরুদ্ধে আগের কোনো অভিযোগ বা মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।




