
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দু নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বড় স্টেশন মোলহেড এলাকায় ডাকাতিয়া নদীর ট্রলার ঘাটের পাকা সিঁড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা পাচারের অভিযোগে দু নারীকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা রানু বেগম (৩৫) ও জান্নাতুল ইভা (২২)। উদ্ধারকৃত গাঁজার মধ্যে রানু বেগমের কাছ থেকে ৬ কেজি এবং জান্নাতুল ইভার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন কুমার দাশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, আটক দু নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



