
স্টাফ রিপোর্টার : মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর সদর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি বাবুরহাট-মতলব সড়ক থেকে শুরু হয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, “সদর থানার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে আমরা মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা করছি। তারই অংশ হিসেবে ১৪ নম্বর ওয়ার্ডে এ আয়োজন। মাদক, ইভটিজিং ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, মাদকসেবী ও কারবারিদের দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
১৪ নম্বর ওয়ার্ডসহ সমগ্র থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আলোচনা সভায় ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান বলেন, “বাবুরহাট চাঁদপুর পৌরসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। এখানে বাজার, মডেল টাউনসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। তাই এলাকাটিকে সম্পূর্ণ মাদকমুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ঝিন্টু মাল, যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহন পালোয়ান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান মাল, সদস্য সচিব খালেদিন বাবু মজুমদার, তারেক খান, যুবনেতা সাগর, সাবেক ছাত্রনেতা হাবিব মাল, ছাত্রদলের সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক নাঈম মাল ও নুর ইসলাম সরদারসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ব্যস্ততম বাবুরহাট এলাকায় পুলিশের এ সময়ের উপযোগী পদক্ষেপ জনসচেতনতা বাড়াতে এবং মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।




