চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টার চাঁদপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

চাঁদপুর খবর রিপোর্ট : চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা সিদরাতুল মুনতাহার চাঁদপুরে আগমন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের উদ্যোগে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুনাক উপদেষ্টাকে বরণ করে নেয় চাঁদপুর পুনাক। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিদরাতুল মুনতাহা পুনাক, চাঁদপুর কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি পুনাকের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পুনাক শোরুম পরিদর্শন করেন। সেখানে প্রদর্শিত বিভিন্ন পণ্য ও পুনাকের উদ্যোগে পরিচালিত কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পুনাক উপদেষ্টা চাঁদপুরের ফারিসা রিসোর্ট পরিদর্শন করেন।

এসময় পুনাকের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সন্ধ্যা ৭টায় চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে পুনাক, চাঁদপুরের উদ্যোগে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠানের শুরুতে পুনাক, চাঁদপুরের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়। এসময় পুনাকের কার্যক্রম, নারী পুলিশ সদস্যদের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের পরিচালনায় শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। এতে পুনাকের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সবাই মুগ্ধ হন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, চাঁদপুর পুলিশ সুপার মো.মিজানুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্য, পুলিশ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

সম্পর্কিত খবর