
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২৬ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মাহবুব আনোয়ার বাবুল চাঁদপুর জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মাহবুব আনোয়ারের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবুল শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।




