
মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাছপুর দারুল আমেনা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আল মামুনকে ঘিরে ১২ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা, এমপিও ইনডেক্স সচল রাখা এবং পুনরায় চাকরিতে যোগদানের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নিয়মিত মাদ্রাসায় উপস্থিত না থাকলেও তার এমপিও ইনডেক্স (সি-২০০০৮৯৬) বহাল ছিল। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান মাওলানা ইকরাম হোসেন হামিদ দীর্ঘ সময় অনুপস্থিতির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে অবহিত করেননি বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ২০২৪ সালের আগস্টে আল মামুন একটি আবেদন করলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে পুনরায় যোগদানের অনুমতি দেয় এবং তার বেতন বিলেও স্বাক্ষর করা শুরু হয়। তবে এত দীর্ঘ সময় অনুপস্থিতির বিষয়ে কোনো রেজুলেশন, শোকজ বা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না—এ বিষয়ে সুপার স্পষ্ট জবাব দিতে পারেননি। তিনি বলেন, বিষয়টি মনে নেই, নথি দেখে বলতে হবে। লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়নি বলেও তিনি স্বীকার করেন, যদিও পরে মৌখিকভাবে জানানোর দাবি করেন।
অভিযুক্ত শিক্ষক আল মামুন দাবি করেন, রাজনৈতিক কারণে তিনি এলাকায় থাকতে পারেননি। তবে এ বিষয়ে কোনো মামলা বা তথ্য উপস্থাপন করতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাজনৈতিক কারণে নয়, প্রতারণার অভিযোগে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা বলেন আপনাদের কাছ থেকে মাত্র শুনেছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যব¯হা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, অভিযোগ তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফরিদগঞ্জ জনতা ব্যাংক (পিএলসি) শাখার ব্যবস্থাপক কে এম ফখরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত বেতন বিলের ভিত্তিতেই ব্যাংক বেতন পরিশোধ করে থাকে। তবে এমন ঘটনায় সংশ্লিষ্ট সবার আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বলেও তিনি মন্তব্য করেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুসারে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



