
আহম্মদ উল্যাহ : পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের অবাধ বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে চাঁদপুরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) জেলার বাবুরহাট বাজার ও পুরান বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাবুরহাট বাজারের তিন ব্যবসায়ী—সাব্বির, ফখরুদ্দিন ও মাহবুবের দোকানে অভিযান চালিয়ে যথাক্রমে ৩০, ২৯ ও ৫৪ কেজি, মোট ১১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ অপরাধে তিন ব্যবসায়ীকে যথাক্রমে ২০ হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা, মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে পুরান বাজারে মেসার্স জগবন্ধু সাহা স্টোর ও বিসমিল্লাহ পেপার হাউজে অভিযান চালিয়ে ১৬৬ ও ১৬ কেজি, মোট ১৮২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা, মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ, পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
বিশেষজ্ঞদের মতে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার মাটি ও পানির স্বাভাবিক পরিবেশ নষ্ট করে, জলাবদ্ধতা সৃষ্টি করে এবং জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করে। তাই সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের ধারাবাহিক অভিযান পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



