
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর এলাকায় ব্যাটারিচালিত রিকশা জব্দ এবং চালকদের হয়রানির প্রতিবাদে জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী রিকশাচালকরা।
রিকশা চালকদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে পুরাণবাজার রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের গাড়ি ঘিরে রেখে তাদের অভিযোগ তুলে ধরে বিভিন্ন দাবি জানান।
এ সময় ভুক্তভোগী চালকরা জেলা পরিষদ প্রশাসককে বলেন, শহরের ৫০ থেকে ৬০টি ব্যাটারিচালিত রিকশা করে আটকে রাখা হয়েছে। লাইসেন্স না থাকায় যদি গাড়ি জব্দ করা হয়, তবে প্রশ্ন ওঠে: ব্যাটারিচালিত রিকশার জন্যে তো লাইসেন্স দেওয়ার সুনির্দিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ বা নীতিমালাই নেই।
যেখানে লাইসেন্স পাওয়ার কোনো আইনি বা প্রশাসনিক বিধানই নেই, সেখানে চালকরা লাইসেন্স কীভাবে সংগ্রহ করবেন? অভিযোগে চালকরা জানান, চলতি মাসের ১৪ জুলাই তারিখ থেকে বেশ কিছু চালকের রিকশা আটক করে রাখা হয়েছে। একদিকে শহরে শত শত ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচল করছে, অন্যদিকে কিছু নির্দিষ্ট রিকশা জব্দ করে রাখার মাধ্যমে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
ভুক্তভোগীদের মতে, কেবল কিছু রিকশা বন্ধ করে দেওয়ায় দিন এনে দিন খাওয়া এসব চালক মারাত্মক আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন। রিকশা জব্দের ফলে অনেক পরিবারে অন্নসংস্থান বন্ধ হয়ে পড়েছে এবং চালকরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।
উপস্থিত প্রতিনিধিরা প্রশাসনের প্রতি একচ্ছত্র ও সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানান। তারা বলেন, যদি কোনো সরকারি বিধিনিষেধের কারণে রিকশা চলাচল বন্ধ করতে হয়, তবে শহরের সকল রিকশার ক্ষেত্রে সমভাবে আইন প্রয়োগ করে তা পুরোপুরি বন্ধ করা হোক। আর যদি চলাচলের সুযোগ দেওয়া হয়, তবে বৈষম্য না করে সকল রিকশাকেই সমানভাবে চলতে দেওয়া হোক।
এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে চালকরা দ্রুত আটককৃত রিকশাগুলো অবমুক্ত করা এবং তাদের জীবিকার তাগিদে একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন।



