চাঁদপুরে ঢাকা কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং খাদ্যপণ্যে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকার অভিযোগে ঢাকা কনফেকশনারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান চলাকালে দেখা যায়, ঢাকা কনফেকশনারির শোরুমের পেছনের ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণ করা হয়েছে। এছাড়া কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। একই সঙ্গে উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর