চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর-ফরিদগঞ্জ হাইওয়ে সড়কের সোনালী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মধ্য তরপুরচন্ডী এলাকার গাজী বাড়ির বাসিন্দা শাওন গাজী (২০) নামে এক যুবককে আটক করা হয়।

তিনি কবির গাজী ও আমেনা বেগমের ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো ৭ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। আদালত অভিযুক্ত শাওন গাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর