
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং তার সাড়ে তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। বিকেলে রাজা পার্ক এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
ফরিদগঞ্জ উপজেলার রাজা পার্ক এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও ছেলেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয় বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফারজানা (২৮) ও তার সাড়ে তিন বছরের ছেলে সিয়াম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শিশু সিয়াম। নিহত ফারজানা ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের নাসিরের স্ত্রী। আহত সিয়াম তাদের ছেলে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করে এবং বিষয়টি ফরিদগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। দুর্ঘটনার কারণ ও মোটরসাইকেলটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।



