পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ‘ক্যাশলেস’ প্রোগ্রাম উদ্বোধন

স্টাফ রিপোর্টার : পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রধান শাখা আয়োজিত ‘ক্যাশলেস’ প্রোগ্রামের শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল এগারোটায় পূবালী ব্যাংক প্রাঙ্গণে র‌্যালির শুভ উদ্বোধন করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাকিম প্লাজায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হাকিম প্লাজা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক চাঁদপুর প্রধান শাখার প্রধান অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিউটি দাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের এক থেকে তিন নম্বরে অবস্থানে থাকা ব্যাংকের অন্যতম।

এ ব্যাংকে ব্যাংকিং করলে আপনার টাকা নিরাপদে থাকবে, যখন খুশি তখন আপনার সঞ্চিত টাকা উত্তোলন করতে পারবেন। দেশের অনেক ব্যাংক টাকা দিতে পারছে না। অথচ আপনার টাকা থাকলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পূবালী ব্যাংক দিচ্ছে। এছাড়াও টাকা নিয়ে বাজারে যেতে হবে না, বাজারে গিয়ে টাকা উত্তোলন করতে পারবেন, সে নিশ্চয়তা দিচ্ছে পূবালী ব্যাংক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব মিলন। সঞ্চালনায় ছিলেন পূবালী ব্যাংক প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাসুদ রানা মজুমদার।

সম্পর্কিত খবর