
সমির ভট্রাচার্য্য : চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় ইসরাত জাহান ইমা (১৫) নামের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে| শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দুপুরের দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে|
ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি| সে নানার বাড়ীতে থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করতো| মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করে| জানা যায়, ওই দিন দুপুরে তার নানা তাজুল ইসলাম ঘরের চালে পাতাসহ অন্যান্য আবর্জনা পরিস্কার করার জন্য মই দিয়ে নাতনিকে ঘরে চালে উঠায়| ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুৎতায়িত হয়ে থাকে|
এ সময় ইসরাত জাহান ইমা চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়| বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন|
নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ জানান, ওই শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়তো| সে খুব মেধাবী ছিলো| সে নানা বাড়ী থেকে লেখাপড়া করতো| মতলব দক্ষিণ থানার অফিসার হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়|




