
মহসিন হোসাইন : চাঁদপুরবাসীর কাছে ক্লিন চাঁদপুর এখন আর নতুন কোনো নাম নয়। গত দুই বছরে সামাজিক ও উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি শুধু চাঁদপুরেই নয়, সারাদেশে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র চেয়ারম্যান ঘাট থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কজুড়ে এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা যায়। ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রাকৃতিক ও আর্টিফিশিয়াল গাছ দিয়ে সড়ক সজ্জিত করেন।
এ উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৪৫টি প্রাকৃতিক ও কৃত্রিম গাছ সড়কের মাঝখানে স্থাপন করা হয়। গাছগুলোকে নিয়মিত পানি দেওয়া, রশি দিয়ে সুরক্ষিতভাবে বেঁধে রাখা—সবকিছুতেই রাখা হয়েছে বিশেষ নজর, যাতে পথচারীদের কোনো ধরনের অসুবিধা না হয়।
শুধু সৌন্দর্য বর্ধনই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার দিকটিও বিবেচনায় রাখা হয়েছে। আর্টিফিশিয়াল গাছের পাশাপাশি প্রাকৃতিক গাছ লাগিয়ে শহরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখার দিকেও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
এ উদ্যোগ দেখে মুগ্ধ সাধারণ পথচারীরা। তারা বলেন, এ ধরনের উদ্যোগ আগে কখনো দেখিনি। চাঁদপুর শহরকে আরও নান্দনিক করে তুলতে এমন কাজ সত্যিই প্রশংসনীয় ও মনোমুগ্ধকর।
তারা আরও জানান, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও আকৃষ্ট হন।
ক্লিন চাঁদপুরের সদস্যরা বলেন, আমরা চেষ্টা করছি শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করতে। যেখানে ময়লা, সেখানেই ক্লিন চাঁদপুর—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশ বলেন, আমরা চাই শুধু চাঁদপুর নয়, সারাদেশেই ক্লিন চাঁদপুর একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হোক। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার পাশাপাশি সচেতনতা তৈরিই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে—এ অভ্যাস গড়ে তুলতে পারলেই শহর পরিচ্ছন্ন থাকবে এবং আমরা সবাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারবো।
আর্টিফিশিয়াল গাছ দিয়ে শহর সাজানোর বিষয়ে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি যানজট নিরসনেও কিছুটা সহায়তা হবে বলে আশা করছি, যা পথচারী ও চালকদের জন্য উপকারী হবে।
সবশেষে তিনি একটি পরিচ্ছন্ন ও নান্দনিক চাঁদপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



